banglahour

মধ্যরাত থেকে শেষ হচ্ছে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৬ অপরাহ্ন

ইলিশের প্রজনন রক্ষায় সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ শিকার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার ১১ জুন মধ্যরাতে।

ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ শিকারে নামবেন উপকূলের জেলেরা।

বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে ঘুরে দেখা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার, মৎস্য বন্দর মহিপুর, লতাচাপলী, ধুলাসারসহ বিভিন্ন মৎস্যঘাটে এখন জেলেদের ব্যস্ততা। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা পরিষ্কার করছেন, আবার কেউ বরফ সংগ্রহে বাজারে দৌড়াচ্ছেন। দীর্ঘ ৫৮ দিন ঘরে বসে থাকা জেলেরা এখন ইলিশ শিকারে নামার অপেক্ষায় উৎসবমুখর পরিবেশে দিন কাটাচ্ছেন।

মহিপুর  মৎস্য আড়ৎদার আবুল হাসেম হালাদার বলেন, ৫৮ দিন ধরে আমাদের ব্যবসা প্রায় বন্ধ ছিল। মধ্যরাতের পর থেকেই জেলেরা সমুদ্রে নামবে, আমরাও আবার কাজ শুরু করব। আশা করি, এবার প্রচুর ইলিশ ধরা পড়বে, তাহলে জেলেদের কষ্ট কিছুটা লাঘব হবে।

জেলে শাহজালাল বলেন, ভরা মৌসুমে ইলিশ কম পাওয়া গিয়েছিল। এরপর ৫৮ দিনের নিষেধাজ্ঞায় ঘরে বসে থাকতে হয়েছে। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ৭৭ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন ছিলো। নিষেধাজ্ঞা শেষ আবারও সমুদ্রে যাবো ইনশাআল্লাহ ভালো পরিমাণ ইলিশ পাবো আশাকরি।

আরেক জেলে শামছু ব্যাপারী জানান, আমরা এনজিও থেকে টাকা নিয়ে নৌকা চালাই। মাছ না ধরলে কিস্তি দেওয়ার উপায় থাকে না। নিষেধাজ্ঞার সময়টা আমাদের জন্য অনেক কষ্টের ছিলো, আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ। ভোররাতে সমুদ্র নামবো আশাকরি আশানুরূপ ইলিশ পাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, ইলিশের প্রজনন রক্ষায় সরকার ১৫ এপ্রিল ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা আরোপ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাতে। আশাকরি জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। আমরা চাই জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলুক, যাতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়ে।

উপকূলের মানুষ আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে ইলিশের প্রাচুর্যে আবারও প্রাণ ফিরবে ঘাটে, স্বস্তি আসবে জেলেদের ঘরে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল