
(৭ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান চলছে। উপজেলার কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কালিপুর মধ্যাপাড়া এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে ভবনটির সংস্কার করা হলেও বর্তমানে ভবনটির দ্বিতীয় তলার তিনটি শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ ও দেয়ালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গত সোমবার ক্লাস চলাকালে হঠাৎ ছাদের প্লাস্টার খসে পড়ে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তামিম আহমেদ, আল আরাফ রহমান ও লামিয়া বেগম এবং সহকারী শিক্ষক শোভা আক্তার বলেন, দীর্ঘদিন ধরেই ভবনের বিভিন্ন অংশে ফাটল ও প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয়ে বর্তমানে ৩০২ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক রয়েছেন। ভবনটির অবস্থা আরও খারাপ হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনাগ্রহ প্রকাশ করছেন। ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা রানী নাহা বলেন, “ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা চাই দ্রুত ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠ গ্রহণ করতে পারে।”
এ বিষয়ে ভৈরব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন ও কারিগরি টিমের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে কারিগরি টিমের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।”
এদিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা এবং নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।