
(৪ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৯:৫২ অপরাহ্ন
সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় এলাকাবাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপকূল রক্ষাকারী এই বাহিনী মনে করে বনদস্যু ও তাদের সহযোগীরা উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না। এজন্যই এ হামলা।
বৃহস্পতিবার( ১১ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে উক্ত স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিত ভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।
তবে এলাকাবাসী জানান, মিরাজ শেখ নামের একজন প্রায় ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তার মা ও স্ত্রী কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে গেলে উভয়ের মধ্যে বাক বিতান্ড ঘটে। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।