
(৩ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৯ অপরাহ্ন
জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১১ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের নেতৃবৃন্দ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাসের প্রস্তাব শিল্পায়নকে আরও গতিশীল করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য বড় বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাব সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তারা আশা প্রকাশ করেন, বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের তৃণমূল জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও সাধারণ মানুষের করের বোঝা কমানোর উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সুপরিকল্পিত বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে এবং সামষ্টিক অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ মহানগরের বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।