banglahour

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৬ অপরাহ্ন


পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ২০১৯ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর  এলাকার যুবক শাকিল হাসান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সাত বছর পর তিনি আর জীবিত ফিরে আসেননি। দীর্ঘ কারাভোগের পর সৌদি আরবের একটি কারাগারেই মৃত্যু হয় তার। শনিবার (১৩ জুন) ভোরে গ্রামের বাড়ি পৌঁছায় শাকিলের মরদেহ। প্রিয় সন্তানের নিথর দেহ দেখে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা-মা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

জানা গেছে, পূর্ব কাতিয়ারচর  এলাকার ওমর ফারুকের ছেলে শাকিল হাসান পরিবারের আর্থিক স্বচ্ছতা ফেরাতে এবং সুন্দর ভবিষ্যতের আশায় বৈধ ভিসায় সৌদি আরবে যান। যে কোম্পানির কাজে তাকে নেওয়া হয়েছিল সেখানে প্রতিশ্রুত কাজ না পাওয়ায় শুরু থেকেই নানা কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল তার। বিদেশের মাটিতে সংগ্রাম করেও পরিবারের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

শাকিলের বাবা ওমর ফারুক বলেছেন, ছেলের কষ্টের কথা শুনে তারা নিজেরাও অনেক কষ্ট করে কাজ করতেন এবং নিয়মিত টাকা পাঠাতেন। বিদেশে থাকা ছেলেটি যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, সেই আশাতেই নিজেদের প্রয়োজনের কথা ভুলে যেতেন তারা। কিন্তু সেই সন্তানের মুখ আর জীবিত অবস্থায় দেখা হলো না তাদের। সৌদি আরবে যাওয়ার প্রায় দুই বছর পর একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হন শাকিল। পরে আদালত তাকে চার বছরের সাজা দেন। এরপর জামিনে মুক্তির আশায় পরিবার বিভিন্ন সময়ে টাকা পাঠালেও কোনোভাবেই মুক্তি মেলেনি তার। দীর্ঘদিন কারাগারে কাটানোর পর গত ১৬ মে সেখানে তার মৃত্যু হয়।

চাচা ওমর হোসেন বকুল বলেছেন, ৬ লাখ টাকা খরচ করে শাকিলকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। যাওয়ার ২ বছর পর কর্মস্থলে থাকা শাকিলের তিন সহকর্মী নিজেদের অপরাধ তার ওপর চাপিয়ে দিয়েছিল। তার দাবি, ওই ঘটনার কারণেই শাকিলকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তিনি মনে করেন, প্রকৃত ঘটনা তদন্ত হলে হয়তো এমন পরিণতির শিকার হতে হতো না তাকে। শাকিল ছিলেন শান্ত-স্বভাবের ও পরিশ্রমী একজন যুবক। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনের ঝুঁকি ও কষ্ট উপেক্ষা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রবাস জীবনের সংগ্রাম, কারাবাস এবং শেষ পর্যন্ত মৃত্যুর মধ্য দিয়ে তার স্বপ্নের ইতি ঘটেছে।

শাকিলের ফুফা সাইফুল ইসলাম বাদল বলেন, শাকিলের মুক্তির জন্য কষ্ট করে ঋন নিয়ে সৌদি আরবের এক আইনজীবীর কাছে ১ লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হয়। সে টাকা নেওয়ার পর থেকে আইনজীবীর সাথে আর যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ করে ফেলে। শাকিল মারা গেছে গত ১৬ মে। মারা যাওয়ার পর লাশ আনার জন্য যোগাযোগ করা হলে সেখান থেকে টাকা খরচ করে লাশ আনার কথা বলা হয়। লাশ আনার মতো টাকা না থাকায় কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি  খসরুজ্জামান শরীফ  যোগাযোগ করিয়েদেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের সাথে তার সহযোগিতায় প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ আনার ব্যবস্থা করেন। জীবনের সবচেয়ে বড় মুক্তির অপেক্ষায় থাকা শাকিল মুক্তি পেলেন ঠিকই, তবে সেই মুক্তি আর জীবনের নয়, চিরমুক্তি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল