banglahour

পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ইতিহাসে মাইলফলক: আবুল কাহের চৌধুরী শামীম

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৬:০৫ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার বাইসটিলায় জেলা পরিষদের মালিকানাধীন ‘ন্যাচারাল পার্ক’-এ উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়ন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা দেশের পরিবেশ সংরক্ষণের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।


তিনি বলেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আবুল কাহের চৌধুরী শামীম আরও বলেন, এই উদ্যোগ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করবে। সিলেট অঞ্চলে বনায়ন বৃদ্ধি, পাহাড় ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলেও জানান তিনি।


তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায়, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল