
(৪ ঘন্টা আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে বলেছেন, দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত হলেও এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না।
রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে সিলেট সার্কিট হাউসে স্থানীয় ১১ দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের এত ভয় কেন, তা আমি বুঝতে পারছি না। পুশইন নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সংসদে কথা বলার সুযোগ না পেলেও প্রয়োজনে জনগণের কাছে গিয়ে বিষয়গুলো তুলে ধরবেন। “সংসদে কথা বলতে না দিলেও প্রয়োজন হলে জনতার সংসদে এসে কথা বলব,” বলেন তিনি।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “এ প্রক্রিয়া শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। আর বর্তমান সরকারের আমলে তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে।”
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে সেটিকে সরকারের একটি বড় সফলতা হিসেবে বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে এটি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, সরকার এখনো হাদি হত্যাকাণ্ডের আসামিকে দেশে ফিরিয়ে আনতে পারেনি এবং এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগও দৃশ্যমান নয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো নিয়ে সংসদে উন্মুক্ত আলোচনা নিশ্চিত করার আহ্বান জানান।