
(৪ মাস আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১:৩৩ অপরাহ্ন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার ও ক্র্যাচ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৬জুন নিকলী উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ টায় পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রেহানা মজুমদার মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির।
প্রকল্পের আওতায় নিকলী উপজেলার দামপাড়া, কারপাশা ও সিংপুর ইউনিয়নের নির্বাচিত ৬ জন প্রতিবন্ধী উপকারভোগীর মধ্যে ৪ জনকে হুইলচেয়ার এবং ২ জনকে ক্র্যাচ প্রদান করা হয়।
এ সময় পপি সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন, পপির ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফরিদুল আলম, টেকনিক্যাল অফিসার (সিএম) মফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) আসাদুল ইসলাম, উর্মী দেবনাথ, রাজিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।