
(১ সপ্তাহ আগে) ১৭ জুন ২০২৬, বুধবার, ৮:০৪ অপরাহ্ন
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, পরাজিত রাজনৈতিক শক্তির দোসররা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।
অ্যাডভোকেট মনা বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান হলেও অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে তারা মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে নেতা-কর্মীদের সতর্ক থেকে জনগণের কাছে সত্য তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীরাই বিএনপির মূল শক্তি। কেউ যদি দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই দলের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রসঙ্গে শফিকুল আলম মনা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়; এটি খুলনাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান। অতীতের স্থবিরতা কাটিয়ে কেডিএকে জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক খুলনা গঠনে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন খুলনা সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মহানগর বিএনপির প্রয়াত সিনিয়র নেতা সাহারুজ্জামান মোর্ত্তজার স্মরণে নাগরিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।