banglahour

বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনেও উত্তাল বাগেরহাট: অবরোধ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ মাস আগে) ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১:৩২ অপরাহ্ন


বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও জড়িত প্রধান আসামিদের সকলকে গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


​এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।


​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হন। ওই একই ঘটনায় গুরুতর আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।


​আন্দোলনকারীদের দাবি, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও মূল পরিকল্পনাকারী ও অন্যান্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই এই ধারাবাহিক আন্দোলন।
​আজকের অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রেজা শেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আল কায়েসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা।


​সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে ইউনিয়নের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি সেবার আওতায় থাকা অ্যাম্বুলেন্স, পরীক্ষার্থী ও শিক্ষার্থী পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে দেখা গেছে।


​এদিকে, আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা এবং নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (১৯ জুন) ইউনিয়নের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।


​৫ নং বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক বলেন,
​"বাদল মোড়ল হত্যাকাণ্ডের ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ মূল আসামিদের সকলকে আইনের আওতায় আনতে পারেনি। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছি। আগামীকাল ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর মধ্যেও যদি প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয় এবং সকল আসামিকে গ্রেপ্তার না করে, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"


​স্থানীয় বিএনপি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল