banglahour

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত, পতাকা বৈঠকের পর ফিরিয়ে নিল বিএসএফ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ মাস আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফ ওই ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষসহ মোট ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে আটকা পড়েন।


বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির সতর্ক অবস্থান ও কঠোর তৎপরতার কারণে পুশইনের চেষ্টা সফল হতে পারেনি।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ২০ জনকে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।


সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টার পর বিএসএফ ওই ব্যক্তিদের নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে চৌকা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল