
(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৯:৪০ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ইমামরা সমাজ সংস্কারের মূল কারিগর। তারা সাধারণ মানুষের কাছে নৈতিকতা, মানবিকতা ও সুশাসনের বার্তা পৌঁছে দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেন। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান বলেন, “ইমামরা মানুষের ভালো-মন্দের দিকনির্দেশনা দেন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দায়িত্ব পালনে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুইয়া।
এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, এম সিরাজুল ইসলাম, উপজেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা এনামুল হক ও মাওলানা আব্দুল মালিক জালালি।
আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
এর আগে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, “সুস্থ ও সুষম জীবনযাপন নিশ্চিত করতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। নিয়মিত যোগচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি অর্জন এবং সামাজিক সম্প্রীতি জোরদারে কার্যকর ভূমিকা পালন করে।”
সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান
পরে বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামে শ্রী শ্রী কালিমন্দিরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এমপি এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করে। কোনো ধরনের উসকানিমূলক বা সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সবাই মিলে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে হবে।”
কালীমাতা সেবক সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকুল চক্রবর্তী এবং সঞ্চালনা করেন আদরী রানী দাশ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।