banglahour

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ৭:১৪ অপরাহ্ন

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সাদাপাথর পর্যটন কেন্দ্রের আশপাশের বেশ কয়েকটি দোকানপাট পানিতে তলিয়ে গেছে। এতে পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
ইউএনও মো. রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথর এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পানি কমে আসা এবং আবহাওয়া অনুকূলে ফিরলে পরিস্থিতি পর্যালোচনা করে পর্যটন কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতির উন্নতি ঘটলে দর্শনার্থীদের জন্য আবারও উন্মুক্ত করা হবে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সাদাপাথর পর্যটন কেন্দ্র।
এদিকে, সিলেট অঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার শঙ্কাও দেখা দিয়েছে। প্রশাসন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল