
(৩ ঘন্টা আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ৯:৪৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মসজিদভিত্তিক ১৪৪৭ হিজরি/২০২৬ সনের ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেল ৪টায় চিকনাগুল বাজারস্থ আল মাসিম মার্কেট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা হিফজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল বলেন, “বর্তমান সময়ে শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা একজন শিশুর নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আজ অনেক অভিভাবক সন্তানদের জন্য ভালো স্কুল-কলেজ খুঁজে বের করতে সচেষ্ট থাকলেও ধর্মীয় শিক্ষার মান ও পরিবেশ সম্পর্কে তেমন গুরুত্ব দেন না। আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত জরুরি। কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে।
তিনি আরও বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন। আর সেই ভিত্তি তৈরি হয় মসজিদ ভিত্তিক শিক্ষা ও পারিবারিক ধর্মীয় চর্চার মাধ্যমে।
ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুল যে উদ্যোগের মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা কারী আব্দুর রউফ, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজারের শিক্ষক আলহাজ ফরিদ উদ্দিন রাজাগঞ্জী, বোর্ডের উপদেষ্টা মাওলানা সালিক আহমদ ও আব্দুস সালাম।
এছাড়া উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, সহসভাপতি মাওলানা জাকারিয়া আহমেদ, ইউসুফ আহমেদ, মাওলানা কয়েছ আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, হাফিজ আব্দুর রশিদ, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা সালমান আহমেদ, মাওলানা দেলোয়ার হোসেন, হাফিজ মোহাম্মদ জাকারিয়া, মাওলানা শাহিন আহমেদ, মাওলানা মাহফুজুর রহমান, তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম, মুরাদ হাসান ও সোয়েব রানা প্রমুখ।
অনুষ্ঠানে চিকনাগুল ইউনিয়নের ৪৮টি মসজিদের মক্তবের মধ্যে ৩২টি মসজিদ মক্তবের শিক্ষার্থীরা ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের মসজিদ ভিত্তিক ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পাওয়া ১৫ জন শিশু শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে টি-শার্ট ও হিজাব বিতরণ করা হয়।
মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২১ জন শিক্ষককেও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন কারী মাওলানা আব্দুর রউফ।