banglahour

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৯:২৬ অপরাহ্ন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত দানবাক্সে মাত্র চার দিনে জমা পড়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এছাড়া দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৭ আনা স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও ওয়াকফ এস্টেটের তত্ত্বাবধানে দানবাক্সের অর্থ গণনা করা হয়। পরে ফলাফল ঘোষণা করেন সিলেট ওয়াকফ এস্টেটের অডিটর মো. সজল মিয়া।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে মাজারে দানবাক্স স্থাপন করা হয়। চার দিন পর সোমবার দুপুরে তা খুলে গণনার কাজ শুরু হয়। গণনা কার্যক্রমে ৩৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। তাদের সহযোগিতায় মেশিনের মাধ্যমে টাকা গণনা করা হয়। এ সময় দরগাহ মাদ্রাসার শিক্ষার্থীরাও সহায়তা করেন।


গণনার সময় দানবাক্সে সৌদি রিয়াল, মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়। দানকৃত অর্থের মধ্যে এক হাজার ও ৫০০ টাকার নোটের সংখ্যা ছিল বেশি। এছাড়া ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোটও উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গেছে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন দানবাক্স স্থাপন করে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে।


এদিকে, এ ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব পদে পদায়ন করা হয়। তার প্রত্যাহারের প্রতিবাদে রোববার ও সোমবার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল