
(৭ ঘন্টা আগে) ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৬:১৩ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, উপকূলীয় পরিবেশ সুরক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের মোংলা উপজেলায় ফলজ ও বনোজ গাছের চারা বিতরণ করা হয়েছে ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পরিচালিত “বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি ও জীবিকা সহায়তা (আরএইচএল”) প্রকল্পের আওতায় উপকূলীয় জনগোষ্ঠীর বসতভিটার চারপাশে প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী গড়ে তোলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ফলজ ও ঔষধি গাছের চারা ও কলম বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের আওতায় গত ২২ জুন থেকে আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত মোংলা উপজেলার চারটি ইউনিয়নের ৫৬০ জন উপকারভোগীর মাঝে মোট ৩ হাজার ৯২০টি গাছের চারা ও কলম বিতরণ করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগীকে ২টি নারিকেল চারা, ২টি সুপারি চারা, ১টি সফেদা কলম, ১টি বেল কলম এবং ১টি নিম গাছের চারা প্রদান করা হচ্ছে। পাশাপাশি চারাগুলোর সুরক্ষা ও সংরক্ষণের জন্য প্রত্যেককে সারে ১৯ গজ ব্লু-নেট সরবরাহ করা হচ্ছে।
চারা ও ব্লু-নেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব কুমার মণ্ডল, আরএইচএল প্রকল্পের ফোকাল পারসন মো. মোস্তাফিজুর রহমান, এনজিও কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বসতভিটায় বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে ফলজ ও ঔষধি গাছ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু উন্নয়ন ফান্ড ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় দেশিয় কয়েকটি এনজিও ফটোসেশান করে বৃক্ষ রোপনের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।