banglahour

চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৪ জুন ২০২৬, বুধবার, ৩:১৩ অপরাহ্ন

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।


উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সী আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মো. সুরাতুজ্জামান।


তিনি বলেন, সরকারি ট্রেজারি ফান্ডের মাধ্যমে পরিচালিত জাতীয় পেনশন ব্যবস্থা অত্যন্ত নিরাপদ। ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ৬০ বছর বয়সে পেনশন সুবিধা পাবেন। কোনো অংশগ্রহণকারী ৬০ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে তার নমিনিকে জমাকৃত অর্থ ও মুনাফাসহ ফেরত দেওয়া হবে।


তিনি আরও বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে এ ধরনের পেনশন ব্যবস্থা চালু রয়েছে। ২০৩০ সালের মধ্যে অন্তত ৪ কোটি মানুষকে জাতীয় পেনশন কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় সরকার ইতোমধ্যে প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তিনি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ ও প্রশাসন সদস্য শেখ কামরুল হাসান।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, হর্টিকালচার বিভাগ, বিকাশ ও নগদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও সেবা স্টল স্থান পেয়েছে।


অনুষ্ঠানের ফাঁকে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল