banglahour

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলা: মন্ত্রী আরিফুল হক, বাবর ও জি কে গৌছসহ ৯ জন খালাস

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:২৩ অপরাহ্ন

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছসহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন। তিনি জানান, মামলার ১২ জন আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি এক আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত আসামিরা সন্তোষ প্রকাশ করেন।


উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়। হামলায় স্থানীয় যুবলীগের এক নেতা নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন গুরুতর আহত হন। এ ঘটনায় বোমা হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল