banglahour

শিল্পী তৈরির কারিগর মিল্টন খন্দকার

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(৩ ঘন্টা আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৯ অপরাহ্ন

তাকে বলা হয়ে থাকে শিল্পী তৈরির কারিগর। তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী। একাধারে গান লিখেছেন এবং সুর করেছেন। তিনি কিংবদন্তী গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।

গানের কথা ও সুরের এই ফেরিওয়ালার আজ জন্মদিন। ১৯৬৭ সালের ২৫ জুন কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এক প্রগতিশীল, সংস্কৃতিমনা ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিল্টন খন্দকার। বাবা খন্দকার আহমেদুল হক ছিলেন পুলিশ কর্মকর্তা। আট ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ।

ব্যক্তিগত জীবনে মিল্টন খন্দকার ১৯৯৭ সালের ১৭ মার্চ বিয়ে করেছেন। তার সহধর্মিনী লুবনা ইয়াসমিন চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী। তার দুই কন্যা জাইবা নাহিয়ান খন্দকার শ্রেষ্ঠা ও জারা।

আজকের তারকা শিল্পী ডলি সায়ন্তিনী, মনির খান, মনি কিশোর, বাদশা বুলবুল, পলাশ, এস ডি রুবেল, সাজু, নাসির, সুমন বাপ্পীরা তার আয়োজনে গান করেই প্রতিষ্ঠিত হয়েছেন।

এছাড়াও মিল্টন খন্দকার বহু জনপ্রিয় গান লিখেছেন ও সূর-সংগীতায়োজন করেছেন আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, আসিফ আকবরের মতো গুনী শিল্পীদের জন্য।

সদা হাস্যজ্বল, নিরহংকারী এই গুণী মানুষটি ১৯৮৮ সাল থেকে আজ পর্যন্ত ৪০০০ এর বেশি গান উপহার দিয়ে বাংলা গানের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ। কয়েক শত তুমুল শ্রোতাপ্রিয় গানের জননন্দিত এই গীতিকবি ও সুরস্রষ্টা ২০১৩ সালে ‘খোদার পরে মা’ ছবির গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ছাত্র অবস্থায় অভিনয়ের প্রতি অনুরক্ত হয়ে নাট্যচর্চা করতে গিয়ে কণ্ঠসাধনার প্রয়োজন হওয়ায় ওস্তাদ খন্দকার মিজানুর রহমান বাবলুর শরণাপন্ন হয়েছিলেন তিনি। তার উৎসাহে গানের প্রতি ভালোবাসা নিয়ে পরে ঢাকায় এসে ভর্তি হন সংগীত মহাবিদ্যালয়ে।

১৯৮৭ সালে তিনি নিজের লেখা ও সুরে হাসান চৌধুরীর কণ্ঠে ‘সেই তুমি’ অ্যালবাম নিয়ে অডিও বাজারে প্রবেশ করেন। ‘বেতার জগত’ থেকে প্রকাশিত তার প্রথম অ্যালবাম হিট হয়। তারপর ১৯৮৮ সালে দিলরুবা খান এবং ১৯৮৯ সালে ডলি সায়ন্তনীর গাওয়া ‘হে যুবক’ অডিও শিল্পে এক নতুন বিপ্লবের সূচনা করে।

১৯৯৬ সালে নিয়ে আসেন মনির খানকে। ‘তোমার কোন দোষ নেই’ নামে মনির খানকে দিয়ে পূর্নাঙ্গ অ্যালবাম প্রকাশ করেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অঞ্জনা শিরোনামে ২৫ টির অধিক গান লিখে মনির খানকে নিয়ে এবং ১৪টি একক অ্যালবাম করে দেশ মাতিয়েছেন তিনি।

এ ছাড়া নতুন গীতিকবি তৈরির জন্য ১৯৯৭ সালের ১ ডিসেম্বর তিনি প্রতিষ্ঠা করেন ‘গীতি কাব্য চর্চা কেন্দ্র’। সারা দেশের বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার নবীন গীতিকবি হাতে কলমে গান লেখার কলাকৌশল চর্চা করেছেন গীতিকাব্য চর্চা কেন্দ্র থেকে।

১৯৯০ সাল থেকে ‘ঘেরাও’ সিনেমা দিয়ে শুরু হয় তার সিনেমায় গান লেখা। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ২০০-র অধিক বাংলা সিনেমায় গান লিখেছেন তিনি। তার লেখা ও সুরে তুমুল জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে - খুব কাছাকাছি তুমি আমি আছি, রঙচটা জিন্সের প্যান্ট পরা, আমি পাথরে ফুল ফোটাবো, ও সাথীরে যেও না কখনো দূরে, আমি যে তোমার কে, তোমরা কাউকে বলো না, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু, তোমার কোন দোষ নেই, খ্রিষ্টান হইলে কফিনে, চাল নেই চুলো নেই, সুখে থাকা হলো না আমার, লাল বেনারসি, আজকে তোমার গায়ে হলুদ, ও প্রিয়জন বড় আয়োজন করে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি, সবুজের বুকে লাল উড়বেই চিরকাল ইত্যাদি গান উল্লেখযোগ্য।

বর্তমানে তিনি গান লেখা ও সুরসৃষ্টির পাশাপাশি সংগীত পরিচালনার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল