
(৩ ঘন্টা আগে) ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এডিবির অর্থায়নে চলমান রাস্তার উন্নয়ন কাজ চাঁদা দাবীর অভিযোগে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ঠিকাদারের কর্মীদের মারধর ও সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জীবননগর থানায় একটি এজাহার দাখিল করেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ঠিকাদার আলী হোসেন।
এজাহারে জানা যায়, কৃষ্ণপুর গ্রামে ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিবির আওতায় ওই গ্রামের রবিউলের বাড়ির নিকট হতে চোরাকাটা মাঠের অভিমুখে ১৮৮ ফুট ৫৭ মিটার ও ৯ ফুট দৈর্ঘ্য এবং ২ দশমিক ৭৫ মিটার ও ৯ ফুট চওড়া রাস্তাটি নির্মাণ কাজের দায়িত্ব পায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর বদরগঞ্জের মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ। এ কাজটি বাস্তবায়ন করছে তিনি নিজে। কাজ শুরু আগে মিস্ত্রিরা রাস্তায় ইট-বালি ফেলে।
কাজ চলাকালে কৃষ্ণপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর (৩৫) , একই গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে ও রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সস্পাদক হারুন-অর রশীদ (৪৫) ও আয়ুব খানের ছেলে ও যুবলীগ নেতা তুহিন হোসেনসহ (৩২) অজ্ঞাত ৩-৪ জন, প্রধানমিস্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মিস্ত্রিদের সঙ্গে তারা অসদাচরণ এবং তাদের মারধর করে। এরপর চলমান কাজটি বন্ধ করে দেয়া হয়। এক পর্যায়ে মিস্ত্রিদের গাছের সঙ্গে বেঁধে রাখার হুমকি দেয় তারা। পরে ঠিকাদার ঘটনাস্থলে গেলে বিষয়টি জানতে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করে।
জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির (অনলাইন) প্রতিনিধি রিপন হোসেন বলেন, ‘চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধের খবর পেয়ে আমরা ৩ জন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যায়। সেখানে সংবাদ সংগ্রহকালে আনিছুর রহমান, হারুন-অর-রশীদ ও তুহিনের নেতৃত্বে কয়েকজন মব সৃষ্টি করে আমাদের সাথে দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি করে'।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, ‘কৃষ্ণপুরে রাস্তার কাজে চাঁদা দাবীর অভিযোগে আলী হোসেন নামে এক ঠিকাদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।