banglahour

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ৫৮ জনের

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৫ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১:১২ অপরাহ্ন

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।

শনিবার (২৭ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুদের মধ্যে হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এলাকার চার মাস বয়সী এক কন্যাশিশু গত ১৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের লক্ষণের পাশাপাশি সে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরেও আক্রান্ত ছিল।

এ ছাড়া ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার চার মাস বয়সী এক ছেলে শিশু গত ২ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার মাইশারচর এলাকার চার মাস বয়সী আরেক ছেলে শিশু গত ১৬ জুন ভর্তি হওয়ার পর শুক্রবার বিকেল ৩টার দিকে মৃত্যুবরণ করে। একই দিন রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলার মদনপুর এলাকার আট মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়। সে গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিল।

হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট দুই হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২২৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। বর্তমানে ৯৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও পাঠানো হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক শিশুর স্বজন মনোয়ার খাতুন বলেন, গত সাতদিনে আমার চোখের সামনে নয়জন শিশুর মৃত্যু হয়েছে। একজন মা হিসেবে আমি খুবই আতঙ্কে আছি। আমার মেয়ের অবস্থাও ভালো নয়। প্রায় প্রতিদিনই একজন বা দুজন শিশু মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, এত বড় হাসপাতালে শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা নেই। আইসিইউ থাকলে হয়তো অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব হতো। সরকারের উচিত দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন ১৬ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল