banglahour

কলাপাড়ায় মাটির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৪ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১:৩৯ অপরাহ্ন

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন বেরিবাঁধ রাস্তা পুনঃর্নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১১ লাখ ৭০ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে ২৭০ মিটার দৈর্ঘ্যের রাস্তার পুনঃনির্মাণ কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। দীর্ঘদিনের জনদাবির পর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটি গ্রহণ করা হলেও কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে।


স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্পে যে পরিমাণ মাটি ব্যবহারের কথা ছিল, বাস্তবে তার অনেক কম মাটি দেওয়া হয়েছে। এছাড়া নির্মাণকাজে যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতো কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


একাধিক এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণের জন্য সরকারি জায়গায় পর্যাপ্ত মাটি না থাকায় অনেকেই নিজেদের জমি থেকে মাটি দিয়েছেন। এমনকি কিছু স্থানে চলাচলের পথ থেকেও মাটি কেটে নেওয়ায় সেসব পথ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিক বসতবাড়ি,দোকান ভেঙে ফেলা হয়েছে এরপরেও রাস্তার কাজ মানসম্মতভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা হবে। 


তিনি আরও বলেন, যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ততটুকুর বিল পরিশোধ করা হবে। কাজ সম্পূর্ণ ও সন্তোষজনকভাবে শেষ না হলে চূড়ান্ত বিল প্রদান করা হবে না।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল