
(৪ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ৪:৫৯ অপরাহ্ন
পিরোজপুরে 'দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ জুন) সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো.আল -আমিন শেখ
সহ কোম্পানির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চাকরি মেলার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।
মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি), সেলস এক্সিকিউটিভ (শোরুম সেলস), ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার পদে প্রার্থী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার মো.আল-আমিন শেখ বলেন, আজকের মেলায় ৫০০-এর বেশি চাকরি প্রত্যাশী উপস্থিত হয়েছে । এখানে আমরা মোটামুটি এক্সপেক্টফুল রেজাল্ট পেয়েছি। এর মধ্য থেকে আমরা ২০০ জনকে বাছাই করেছি।
চেম্বার সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, এ ধরনের চাকরি মেলা জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় মানবসম্পদকে জাতীয় পর্যায়ে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।