
(৪ ঘন্টা আগে) ২৭ জুন ২০২৬, শনিবার, ১০:৩৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর কিশোর রাফিজ মিয়াকে হত্যার প্রধান আসামি লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সাব-ইন্সপেক্টর আশিকুর রহমান, সাব-ইন্সপেক্টর সৌমিত্র সাহা, সহকারী সাব-ইন্সপেক্টর রজিবুল হক, এএসআই আরিফুল ইসলাম, আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর হোসেন আলীসহ একদল পুলিশ রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নলিয়া গ্রামের রেলস্টেশন জামালপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার সময় তাকে গ্রেপ্তার করে।
হত্যা মামলার পলাতক প্রধান আসামি লাল্টু মিয়া (৪১) চুয়াডাঙ্গা সদর থানার শিবপুর গ্রামের শুকুর আলীর ছেলে। সে ঝিনাইদহের হরিণাকুন্ড ও চুয়াডাঙ্গা সদর থানায় ২টি হত্যা এবং এই ঘটনাসহ সর্বমোট ৩টি হত্যা মামলার আসামি।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে এক বার্তায় জানানো হয়, আলমডাঙ্গার চিলাভালকী গ্রামের হত্যা মামলার বাদিনী আমেনা খাতুনের (৫৬) নাতি রাফিজ মিয়াকে (১৫) গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭টার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে কৌশলে ডেকে নিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। ওই দিন রাত অনুমান ১১টার সময় অপহরণকারীরা বাদিনীর মোবাইল ফোনে কল দিয়ে তার নাতি রাফিজ মিয়াকে ছাড়ানোর জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং বিষয়টি কাউকে জানালে তাকে জবাই করে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তারা একই নম্বর হতে একাধিকবার কল করে ভয়ভীতি প্রদর্শন ও মুক্তিপণের টাকা দাবী করতে থাকে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় গত বুধবার (১০ জুন) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৭/৮/৩০ ধারায় মামলা করা হয়। মামলা নম্বর-১১।
গ্রেপ্তার হওয়া আসামি লাল্টু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাফিজের বাবা দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করায় তাকে অপহরণ করলে প্রবাসী বাবার নিকট হতে মোটা অংকের টাকা আদায় করা সম্ভব হবে বলে তারা পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক আসামিরা ঘটনার দিন মোবাইল ফোনে দিয়ে তাকে ডেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা উপজেলার কুতুবপুর গ্রামের জনৈক মজিদের জমি সংলগ্ন অর্জুন খালের নিকট নিয়ে যায়। সেখানে তারা রাফিজের হাত-পা বেঁধে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পরিবারের সদস্যদের নিকট কল করে নির্যাতনের চিৎকার শুনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে রাফিজের পরিবার টাকা দিতে ব্যর্থ হলে একই দিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার হওয়া লাল্টুসহ অন্যান্যরা দঁড়ি দিয়ে শ্বাসরোধ করে রাফিজকে হত্যা করে এবং তার মরদেহ অর্জুন খালে ফেলে রেখে যায়। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও একাধিকবার আসামি লাল্টু মোবাইল ফোনে মুক্তিপণের টাকা দাবী অব্যাহত রাখে।
গ্রেপ্তার হওয়া আসামির দেখানো মতে হত্যা কাজে ব্যবহৃত দঁড়ি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবা (১৩ জুন) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের লাল ব্রিজ মাঠ সংলগ্ন অর্জুন খালের পাশে জনৈক মজিদের জমির পুকুর হতে নিহত রাফিজ মিয়ার পচাগলা মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
বিচারার্থে গ্রেপ্তার হওয়া আসামি লাল্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানানো হয়।