banglahour

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ১:০৯ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ পর দক্ষিণ ঝিড়ারপাড় এলাকার বৈশাকুরা ঈদগাহ-সংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে কোথায় এবং কীভাবে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের নিকটাত্মীয় ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, “আমার চাচাতো ভাই শফিকুল ইসলামের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলে আমাদের জানা নেই। একসময় তিনি অটোরিকশা চালাতেন, বর্তমানে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এমন নির্মম ও পৈশাচিক ঘটনায় আমরা হতভম্ব।”

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল