
(৩ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ১:১১ অপরাহ্ন
ভৈরবে রেলওয়ে কর্মকর্তার(আইডব্লিউ)বিরুদ্ধে চোর সন্দেহে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় শিক্ষার্থীর পরিবারকে বাসা ছাড়ার হুমকি দিচ্ছেন। জানাযায় বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (আইডব্লিউ) শেখ মোয়াজ্জেম ও তার নির্দেশে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কয়েকজন সদস্যও শিশুটির ওপর শারীরিক নির্যাতনে অংশ নেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ব্যারাক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলামিন হোসেন সিয়াম (১২) বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ভৈরব রেলওয়ে কলোনির বাসিন্দা তাজুল ইসলামের পুত্র ।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওইদিন বিকেলে সিয়াম খেলাধুলার জন্য ব্যারাকের পাশে মাটিতে পড়ে থাকা চিলকছাড়া (ভাঙা মাটির পাত্রের টুকরা) কুড়াতে যায়। এ সময় কোনো ধরনের যাচাই-বাছাই বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই তাকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর আইডব্লিউ শেখ মোয়াজ্জেম কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ। একই সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও শিশুটিকে মারধরে অংশ নেন বলে দাবি পরিবারের।
আলামিন হোসেন সিয়াম জানায়, সে কোনো চুরি করতে যায়নি। খেলাধুলার জন্য চিলকছাড়া কুড়াতে গিয়েছিল। হঠাৎ তাকে চোর বলে ধরে মারধর করা হয়। একপর্যায়ে তার চিৎকার শুনে এক বন্ধু পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
সিয়ামের মা আকলিমা বেগম বলেন, আমার ছেলের বয়স মাত্র ১২ বছর। সে যদি কোনো ভুল করেও থাকে, তাহলে তাকে পুলিশের কাছে দেওয়া যেত। কিন্তু একজন সরকারি কর্মকর্তা নিজেই আইন হাতে তুলে নিয়ে একটি শিশুকে এভাবে মারধর করতে পারেন না। আমরা ছেলেকে নিতে গেলে আমাদেরও অপমান করা হয়। বেশি কথা বললে জেলে পাঠানো এবং রেলওয়ে কলোনির বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সিয়ামের বাবা তাজুল ইসলাম বলেন, একটি নিরীহ শিশুর ওপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার ছেলে কোনো চুরি করেনি। তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তবে অভিযোগ অস্বীকার না করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী শেখ মোয়াজ্জেম। মুঠোফোনে তিনি বলেন, এই সময়ে ভেতরে আসা মানে চুরি করতে এসেছে। তাই চোরকে ধরেছি। চোরকে ধরলে যা করার তাই করেছি। আমার ভুল হয়েছে থানায় না দিয়ে। পরে তার মা-বাবা এসে তাকে নিয়ে গেছে।
সাংবাদিকদের আরও প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। কথা আবার রেকর্ড করে ছেড়ে দেবেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা আইন নিজের হাতে তুলে নিয়ে একজন স্কুলশিক্ষার্থীর ওপর বলপ্রয়োগ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।