
(৩ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ৬:০৪ অপরাহ্ন
ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: একরামুল রাহাত পিএসসি। পিআইবি'র প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: একরামুল রাহাত বলেন, প্রযুক্তি নির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা অপরিহার্য।
তিনি আরো বলেন, পিআইবি কর্তৃক তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত কাজে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। তিনি আগামীতে এসব প্রশিক্ষণ রাঙ্গামাটির অন্যান্য উপজেলাতেও আয়োজন করার আহবান জানান।
আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।
প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।