banglahour

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ১ জুলাই ২০২৬, বুধবার, ৯:৪৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া দুবাই প্রবাসী যুবক সাকিরুল হকের (২৮) মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সাকিরুল হক শহরের আরামবাগ মহল্লার রুহুল আমীনের ছেলে।

স্থানীয় সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে দুই বন্ধুকে নিয়ে শহরের রেহাইচর এলাকার মহানন্দা রাবার ড্যাম সংলগ্ন নদীতে জাল দিয়ে মাছ ধরতে নামেন সাকিরুল। এ সময় জালের দড়ি হাতে পেঁচিয়ে গেলে প্রবল স্রোতের তোড়ে তিনি নদীতে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর শহরের নামোনিমগাছি এলাকায় নদীতে মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল সেটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, নিখোঁজ হওয়ার স্থানে নদীর স্রোত অত্যন্ত প্রবল থাকায় মরদেহ কয়েক কিলোমিটার ভেসে গিয়ে নামোনিমগাছি এলাকায় পৌঁছে। সেখান থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল