
(৪ মাস আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৯ অপরাহ্ন
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে আলীকদম উপজেলার অতি দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকার বিদ্যামনি পাড়া পরিদর্শন করেন এবং হামে আক্রান্ত পরিবারদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন।
এসময় তিনি হামে আক্রান্ত মোট ১৮১টি পরিবারের প্রত্যেককে এক হজার নগদ অর্থ এবং ৩০ কেজি করে চাল প্রদান করেন। এছাড়া হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জন শিশুর শোকসন্তপ্ত পরিবারকে জনপ্রতি দশ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
ত্রাণ বিতরণের পাশাপাশি স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্যদের সাথে একটি সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন সাচিং প্রু জেরী। সভায় তিনি হাম প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং অসুস্থ হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের পরামর্শ দেন।
এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮ কোটি ৫৯ লাথ টাকা ব্যয়ে আলীকদম উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঞ্জুর আলম,এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,বিএনপি নেতা সাচপ্রু,নেজাম চৌং,শ্রমিক দলের নেতা আবু তাহের, বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হামে আক্রান্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সম্প্রতি সময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা-পোয়ামুহুরী এলাকায় মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম রোগে আক্রান্ত হয়ে ১০ জন শিশুর মৃত্যু হয়। এরপরই এলাকাটিতে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সহায়তা ও ত্রাণ কার্যক্রম শুরু হয়।