
(২ দিন আগে) ৩ জুলাই ২০২৬, শুক্রবার, ৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৪ অপরাহ্ন
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে তেহরানে এক বৈঠকে মিলিত হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে স্পিকার গালিবাফ, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান।
বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ সরকার ও দেশের জনগণ ইরান সরকার এবং দেশটির জনগণের পাশে রয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন বাংলাদেশ ও ইরানের মধ্যকার শতাব্দীপ্রাচীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়ও তুলে ধরেন।
তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরান ও সমগ্র অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।
বাংলাদেশের স্পিকার চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, আলোচনার মাধ্যমে বাকি বিরোধপূর্ণ বিষয়গুলোর টেকসই সমাধান সম্ভব হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষ এ উদ্যোগকে এগিয়ে নেবে বলে তিনি আশা করেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গতকাল তেহরানে পৌঁছান। বিমানবন্দরে তাকে এবং প্রতিনিধি দলকে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই উষ্ণ অভ্যর্থনা জানান।