banglahour

পাংশায় কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪ মাস আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪৪ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের আবাদ করা পাটক্ষেত রাতের আঁধারে ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন তিনি। 
(৩ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাটগাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে অন্যান্য দিনের মতো তিনি পাটক্ষেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, তার ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। তার দাবি, গ্রামের কয়েকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।


পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল