banglahour

দুর্যোগ-সহনশীল অবকাঠামো ও কৃষি উন্নয়নে সরকার কাজ করছে: মন্ত্রী মুক্তাদির

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪৮ অপরাহ্ন

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলাই সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, কৃষি, সেচ, যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


শনিবার সিলেট সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ এবং রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, চলমান সহায়তা কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার উপকারভোগীকে ৩০ কেজি করে চাল এবং প্রায় ৭০০ জনকে এক হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট রাজারগাঁও জামেয়া মাদ্রাসা ভবনটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য পৃথক সুবিধা রাখা হবে।


তিনি আরও জানান, দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়নে প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকার প্রকল্প চলমান রয়েছে। এছাড়া সিলেট বিভাগের সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও টিউবওয়েল স্থাপনের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল