banglahour

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ সপ্তাহ আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ১০:১৮ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামছুজ্জামান (৪০) সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের মো. আজিবর সরদারের ছেলে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। গুরুতর আহত মনিরুল ইসলাম (৫০) একই এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ডুমুরিয়া ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল