banglahour

আদালত প্রাঙ্গণ থেকে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ৭:০১ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানায় দায়ের করা একটি মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হন বৃষ কেতু চাকমা ও গিয়াস উদ্দিন। আদালত তাদের জামিন মঞ্জুর করার পর তারা আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় রাঙ্গামাটি কোতোয়ালী থানার পুলিশের একটি দল তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে একটি মামলায় হাজিরা দিতে রাঙ্গামাটি আদালতে আসেন ওই দুই নেতা। তাদের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় একটি মামলা থাকায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল আদালত এলাকার বাইরে একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে।

বৃষ কেতু চাকমা ২০১৫ সালের ২৯ মার্চ থেকে ২০২০ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। সে কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়।”

থানা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল