banglahour

ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও ব্যতিক্রমী প্রতিবাদ

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ২:২৮ অপরাহ্ন

ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং খাদ্য, ওষুধ ও ভ্যাকসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোল্ট্রি খাতের খামারিরা।


সোমবার (৬ জুলাই) দুপুরে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য, ওষুধ ও ভ্যাকসিনের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে খামারিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। উৎপাদন ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলেও ডিম ও মুরগির ন্যায্য মূল্য না পাওয়ায় অধিকাংশ খামারি লোকসানের মুখে পড়ছেন। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অনেক খামার বন্ধ হয়ে যাবে, সৃষ্টি হবে বেকারত্ব এবং দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।


বক্তারা আরও বলেন, পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, খাদ্য ও ভ্যাকসিনের মূল্য নিয়ন্ত্রণ এবং ডিম ও মুরগির ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা জরুরি। অন্যথায় দেশের প্রাণিসম্পদ খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পোল্ট্রি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।


পরে খামারিরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সাদিকুর রহমান, সদস্য সচিব রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল