banglahour

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যু বার্ষিকী আজ

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(১ দিন আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫১ অপরাহ্ন

বাংলা প্লেব্যাকের মুকুট বিহীন সম্রাট এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন। তার মাতা ছিলেন সংগীত অনুরাগী। তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। তাই প্রিয় শিল্পীর নামানুসারে তার সন্তানের নাম রাখেন ‘কিশোর’। মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি সংগীতাঙ্গনে পা রাখেন।

এন্ড্রু কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোক ও দেশাত্মবোধক শাখায় শিল্পী হিসাবে তালিকাভুক্ত হন।

এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরে মেইল ট্রেন চলচ্চিত্রের "অচিনপুরের রাজকুমারী নেই" গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান হচ্ছে বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের "ধুম ধাড়াক্কা"। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতীজ্ঞা চলচ্চিত্রের "এক চোর যায় চলে" গানটি জনপ্রিয়তা লাভ করে।

এন্ডু কিশোর চলচ্চিত্রের গানে প্রথম সম্মাননা লাভ করেন বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের জন্য। মহিউদ্দিন পরিচালিত এই চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের গীতিকবিতায় ও আলম খানের সুরে "হায়রে মানুষ রঙ্গিন ফানুস" গানের জন্য প্রথম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

১৯৮৪ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে নয়নের আলো চলচ্চিত্রের তিনটি গানে কণ্ঠ দেন, সেগুলো হল "আমার সারা দেহ খেয়ো গো মাটি", "আমার বাবার মুখে প্রথম যেদিন" ও "আমার বুকের মধ্য খানে"। এই চলচ্চিত্রের নির্মাণব্যয় কম থাকার কারণে তিনি প্রতিষ্ঠিত শিল্পীদের নিতে পারছিলেন না। ফলে পুরুষ কণ্ঠের জন্য এন্ড্রু কিশোর এবং নারী কণ্ঠের জন্য সামিনা চৌধুরীকে নির্বাচন করেন। তার তিনটি গানই বেশ জনপ্রিয়তা লাভ করে।

১৯৮৭ সালে তিনি সারেন্ডার চলচ্চিত্রে আলম কানের সুরে কণ্ঠ দেন, "সবাইতো ভালোবাসা চায়" এই গানে। গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি তার দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (মরণোত্তর) ২০২৪ ভূষিত করে। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন এন্ড্রু কিশোর।

এন্ড্রু কিশোর বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, এ কারনে তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত।

তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে "জীবনের গল্প আছে বাকি অল্প", "আমার সারা দেহ খেয়ো গো মাটি", "ডাক দিয়াছেন দয়াল আমারে", "আমার বুকের মধ্যে খানে", "আমার বাবার মুখে প্রথম যেদিন", "সবাইতো ভালোবাসা চায় ", "হায়রে মানুষ রঙ্গীন ফানুস","পদ্ম পাতার পানি নয়", "ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা" ইত্যাদি।

এন্ড্রু কিশোর লিপিকা অ্যান্ড্রু ইতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পত্তির দুটি সন্তান রয়েছে। তাদের কন্যা মিনিম অ্যান্ড্রু সংজ্ঞা এবং পুত্র জয় অ্যান্ড্রু সপ্তক।

এন্ড্রু কিশোর ২০১৯ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যান্সার নির্মূল হয়নি প্রখ্যাত এই সংগীতশিল্পীর। চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই ৯ মাস পর ২০২০ সালের ১১ জুন দেশে ফিরেন তিনি। এন্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রাজশাহীতে ছিলেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।

বাংলা সংগীতকে সমৃদ্ধ করনে তার অবদান অপরিসীম। আজ প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যু বার্ষিকীতে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল