
(১ দিন আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:১১ অপরাহ্ন
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি নবজাতকের জন্মকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক সন্তানের জন্মের সঙ্গে একটি করে গাছ লাগানোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, “একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক। এভাবেই এগিয়ে যাক সবুজায়নের সামাজিক আন্দোলন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ হলেও রোপিত গাছের সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করা আরও বেশি জরুরি। একই সঙ্গে স্থানীয় বাস্তুতন্ত্রের অংশ হিসেবে বিদ্যমান গাছপালা সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং প্রতিদিনের বাস্তবতা। তাই উন্নয়ন ও পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণই একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনের ভিত্তি। তিনি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক ২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫ প্রদান করেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিমগাছের চারা রোপণ করেন। পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত বৃক্ষমেলা ও পরিবেশ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রি ডাটাবেজ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
সরকারের তথ্যমতে, এই কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টি হবে এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে উঠবে। সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।