
(১ দিন আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:১৬ অপরাহ্ন
বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) ও বিভিন্ন চুক্তিভিত্তিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, পর্যটন উন্নয়ন, দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা ও শিল্পখাতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত চুক্তি সম্পাদনের পক্ষে মত দেন।
বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণকে অত্যন্ত সীমিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানোর আহ্বান জানান। তিনি দুই দেশের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
বৈঠকে দুই দেশের রাজধানীতে আবাসিক দূতাবাস স্থাপন, সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পণ্য, শ্রম ও সেবার অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশ-তাজিকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাবকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় তাজিকিস্তানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই দেশ জাতিসংঘ, ওআইসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয় এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আন্তঃআঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে তাজিকিস্তান বাংলাদেশের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর সদস্যপদ লাভের আকাঙ্ক্ষার প্রতি ইতিবাচক সমর্থন ব্যক্ত করে।