
(১ দিন আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩২ অপরাহ্ন
ঢাকায় অনুষ্ঠিত ব্লুসাইন সাসটেইনেবিলিটি ফোরাম ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেছেন, টেকসই উন্নয়নে বিনিয়োগ টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকারের জন্যও এটি ক্রমেই গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হয়ে উঠছে।
ফোরামে তৈরি পোশাক খাতের শিল্পপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক ব্র্যান্ড ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। রাষ্ট্রদূত রেংগলি তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই মানদণ্ড অনুসরণে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি জানান, বাংলাদেশে অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সুইজারল্যান্ড দেশটির টেক্সটাইল কারখানাগুলোকে টেকসই মানদণ্ডের ভিত্তিতে প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্ব উভয় দেশের বেসরকারি খাতের জন্যই লাভজনক। বাংলাদেশের রয়েছে বৃহৎ শিল্প সক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা, আর সুইজারল্যান্ডের রয়েছে প্রযুক্তি, দক্ষতা এবং আন্তর্জাতিক বাজারে প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতা। এই সমন্বয় ভবিষ্যতে আরও শক্তিশালী সহযোগিতার পথ তৈরি করবে।