banglahour

গাজার হাসপাতালের পরিচালককে অবিলম্বে মুক্তির দাবি জাতিসংঘের

বিশ্ব | মো:তৌকির রহমান। সিনিয়র রিপোর্টার। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

(১ দিন আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫১ পূর্বাহ্ন

অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি জোর দাবি জানিয়েছে জাতিসংঘ (ইউএন)। দীর্ঘ ১৯ মাস ইসরায়েলি হেফাজতে আটকে থাকা এই চিকিৎসকের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি।
জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে আটক হওয়া ড. আবু সাফিয়াকে প্রতিনিয়ত অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী কর্তৃক অন্যায়ভাবে আটকে রাখা গাজার অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীর মুক্তির দাবিও জানিয়েছে কমিশন তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, চিকিৎসা কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এই সামরিক অভিযান মূলত গাজার সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করার একটি সুপরিকল্পিত নীতি। চিকিৎসা খাতকে এভাবে লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার সমান বলে পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
বিবৃতিতে আরও বলা হয়, ড. সাফিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক এবং এটি দীর্ঘস্থায়ী নির্যাতনের সরাসরি ফল। তাই তাকে অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ চিকিৎসাসেবা দেওয়ার জন্য ইসরায়েলকে তাগিদ দেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর বেইত লাহিয়া অঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালে এক সামরিক অভিযানের সময় ড. হুসাম আবু সাফিয়াকে আটক করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই তাকে বন্দি করে রাখা হয়েছে। যদিও ইসরায়েল অতীতে সুপরিকল্পিতভাবে হাসপাতাল বা চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে এবং দাবি করেছে যে প্রতিরোধ যোদ্ধারা হাসপাতালের আড়ালে কার্যক্রম চালায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল