banglahour

বজ্রপাতে ১০ প্রাণহানির পর নাগেশ্বরীতে তালগাছ রোপণে প্রশাসনের উদ্যোগ

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৪ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৩ অপরাহ্ন


বজ্রপাতের ক্রমবর্ধমান ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকায় দুই হাজার তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে এসব চারা রোপণ করা হবে।


বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এইচ এম খোদাদাদ হোসেন বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিই এ উদ্যোগের মূল লক্ষ্য। রোপণের পর চারাগুলোর নিয়মিত পরিচর্যায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌর প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন এবং কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।


উল্লেখ্য, চলতি বছরে নাগেশ্বরী উপজেলায় চলতি বছর বজ্রপাতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ অবস্থায় বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তালগাছ রোপণ কর্মসূচিকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল