
(৪ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভাইস-চ্যান্সেলর) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ থাকবে। গবেষণা বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা প্রস্তাব দ্রুত আহ্বান, যাচাই-বাছাই শেষে সময়মতো অর্থ ছাড় এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী উপাচার্যরা গবেষণা অনুদান দ্রুত বিতরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনার মাধ্যমে গবেষণা অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরও শক্তিশালী করবে।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবীব, প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম এবং প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।