
(৩ মাস আগে) ১০ জুলাই ২০২৬, শুক্রবার, ৪:৩২ অপরাহ্ন
খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আল আমীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে একটি গবেষণাভিত্তিক প্রস্তাবনা উপস্থাপন করেছেন। “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবসার কোনো বিকল্প নেই” শীর্ষক এ গবেষণায় তিনি রাষ্ট্রীয় সুপার মার্কেট প্রতিষ্ঠা ও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহের মাধ্যমে বাজার ব্যবস্থার সংস্কারের ধারণা তুলে ধরেছেন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থীর দাবি, দেশের বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে বিদ্যমান সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও মূল্য অস্থিরতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রীয় উদ্যোগে ব্যবসা পরিচালনা এবং কৃষক থেকে সরাসরি পণ্য সংগ্রহের ব্যবস্থা চালু করা প্রয়োজন।
তার প্রস্তাবনায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগীয় শহরে আটটি রাষ্ট্রীয় সুপার মার্কেট স্থাপন করা যেতে পারে। এসব সুপার মার্কেট বাণিজ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ করে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হলে বাজারে সিন্ডিকেটের প্রভাব কমবে এবং কৃষকও ন্যায্য মূল্য পাবেন।
আল আমীনের মতে, ধান, গম, তেলসহ প্রক্রিয়াজাত পণ্য রাষ্ট্র নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন ও বাজারজাত করতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভেজাল খাদ্যের ঝুঁকি কমবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সুপার মার্কেটগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং দক্ষ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলারও সুপারিশ করেছেন তিনি।
গবেষণায় তিনি উল্লেখ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষক ন্যায্যমূল্য পাবেন, কর্মসংস্থান সৃষ্টি হবে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকবে, অবৈধ মজুদদারি কমবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজনও অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন।
মো. আল আমীন বলেন, “রাষ্ট্রীয় ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব। এতে সাধারণ ভোক্তা, কৃষক এবং রাষ্ট্র—তিন পক্ষই উপকৃত হবে।”
তিনি আশা প্রকাশ করেন, তার প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা বিবেচনা করবেন এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।