
(৩ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৬, শুক্রবার, ১০:২০ অপরাহ্ন
জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সধারণ সম্পাদকের দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ সন্ধ্যায় ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে এসে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি দুইটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনায় কেউ হতাহত হয়নি। সংসদ সদস্য মহোদয়ের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।