
(২ দিন আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ১:৪৪ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর গুলশানের বাসভবন থেকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ক্যাম্পাসে পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী ক্যাম্পাস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও আধুনিকায়নে চিকিৎসক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।