
(২ দিন আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৫:৩৭ অপরাহ্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী ফাহমিদা নবী'র কন্ঠে 'খেয়ালি সুর' শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। আমিরুল ইসলাম অরুণের কথায় 'খেয়ালি সুর’ গানটির সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’-তে 'খেয়ালি সুর' শিরোনামের নতুন গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর ধীরে ধীরে সংগীত প্রেমীদের নজর কাড়ছে।
আধুনিক কথামালা ও সুরের সমন্বয়ে তৈরি মেলোডি প্রিয় শ্রোতাদের জন্য 'খেয়ালি সুর' গানটি বিশেষ উপহার হয়ে উঠবে।
গান প্রসঙ্গে ফাহমিদা নবী বাংলা আওয়ারকে বলেন, যারা সত্যিকারের গান ভালোবাসেন, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। আমি বিশ্বাস করি ‘খেয়ালি সুর’ তাদের ভালো লাগবে।”
শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, সুরকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফাহমিদা নবী। গান গাওয়ার পাশাপাশি তিনি নতুন নতুন গানে সুর তৈরির কাজেও সময় দিচ্ছেন। তিনি জানান, গান গাওয়ার মতো সুর করাও তার কাছে গভীর আনন্দের।
বাংলাদেশের চলচ্চিত্রের সংগীতে ফাহমিদা নবীর অবদান অসামান্য। অসংখ্য চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্রে গানের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
দীর্ঘ ক্যারিয়ারে ফাহমিদা নবী উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে এক মুঠো গান-১, তুমি কি সেই তুমি, মনে কি পড়ে না, আকাশ ও সমুদ্র, আমার বেলা যে যায়, সেলিব্রেটিং লাইফ ১, ২, ৩, আমি আকাশ হবো, আয় ভালবাসা, তবু বৃষ্টি চাই, ইচ্ছে হয় সহ অসংখ্য জনপ্রিয় অ্যালবাম।