
(৩ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪১ অপরাহ্ন
পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই খুলনা গড়ে তোলার মূল চাবিকাঠি জনগণের অংশীদারিত্ব বলে মন্তব্য করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।
শনিবার (১১ জুলাই) সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, খুলনা শুধু একটি অঞ্চল নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। শিল্পনগরী থেকে আধুনিক ও সম্প্রসারিত নগরীতে রূপান্তরের পেছনে কেডিএ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা সফল করতে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, আগামীর খুলনাকে এমন একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পিত আবাসন, কার্যকর ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ ও মনোরম পরিবেশ নিশ্চিত হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খুলনাকে একটি স্মার্ট ও টেকসই গ্রিন সিটিতে রূপান্তরের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বলেন, সরকারি বা প্রাতিষ্ঠানিক যেকোনো পরিকল্পনা তখনই পূর্ণতা পায়, যখন সেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটে। মতবিনিময় সভা থেকে পাওয়া পরামর্শ ও সুপারিশ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলের মেধা, শ্রম ও দূরদর্শিতার সমন্বয়ে কেডিএকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের ভাবনা ও সরকারি উদ্যোগের সমন্বয়ই আগামী প্রজন্মের জন্য একটি পরিকল্পিত ও উন্নত খুলনা উপহার দিতে সক্ষম হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিসিবির পরিচালক মো. শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।
অনুষ্ঠানে কেডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংস্থাটির প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম। এছাড়া উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা খুলনা অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।
এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা কেডিএ চেয়ারম্যানের কাছে একটি লিখিত প্রস্তাবনা জমা দেন। কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং খুলনাবাসীর বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।