banglahour

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় যুবক নিহত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(৩ মাস আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৪:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ পূর্বাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক সাইফুল (২৩) কে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাজাহান পন্ডিতের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের আলম মাতাব্বরের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকালে উপজেলার জালিরচর গ্রামের পন্ডিত বাড়ির সামনের পুরাতন কাচারীতে লুডু খেলছিলেন নিহত শাকিল এবং হামলাকারী সাইফুল। খেলার এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার বলেন, নিহত শাকিল ও সাইফুল দু'জনে একসাথে চলাফেরা করতেন। তাঁরা দুজনেই মাদকের সাথে সম্পৃক্ত ছিলো। আজকে একসাথে লুডু খেলতে গিয়ে কথা কাটাকাটির জেরে সাইফুল শাকিলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফার্মেসিতে নেওয়ার পর আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মাদক সংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমরানুল হক জানান,‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মুল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল