
(৩ মাস আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৩:৫৯ অপরাহ্ন
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, রাঙ্গামাটি রিজিয়নের জিটুআই, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলী।
সভায় বক্তারা বন্যা পরিস্থিতি ও পুনর্বাসনে গুরুত্ব দিয়ে রাঙ্গামাটির চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবল থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সকে মাথায় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে আশ্বস্ত করেন যে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সদা তৎপর রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দও জেলার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।