
(১ দিন আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৯:৪৩ অপরাহ্ন
তিন দশকের বেশি সময় ধরে সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী হিসেবে কাজ করেন ইবরার টিপু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। ফেসবুকের একটি ভিডিওতে তাঁকে দেখে অনেকেই চমকে যান। এরপর শুরু হয় খোঁজ খবর নেওয়া। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণা।
ইবরার টিপুর ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে কণ্ঠশিল্পী ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা পরবর্তী প্রক্রিয়ায় মধ্যে রয়েছেন এবং সুস্থতার পথে রয়েছেন।
বিন্দু কণা বলেন, ‘ইবরার টিপুর শরীরে বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো তার কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে তিনি সেরে উঠবে। সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়েছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু সবার সঙ্গে যোগাযোগ করবে।’
বিন্দু কণা আরও বলেন, ‘দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি কঠিন যাত্রা পার করতে হয়েছে তাকে। এখন তিনি সুস্থতার দিকেই এগোচ্ছেন। আমরা বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে টিপুর বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি। সবাই তার জন্য দোয়া করবেন।
বাংলাদেশের সংগীতাঙ্গনে ইবরার টিপু পরিচিত একটি নাম। তাঁর সুর ও সংগীতে দেশের একাধিক প্রজন্মের শিল্পী গান গেয়েছেন। ইবরার টিপু বিভিন্ন রিয়েলিটি শোর টাইটেল সং নির্মাণ করে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বহুল আলোচিত সূচনা সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।
বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি।